খবর লাইভ : ফের লকডাউন! নতুন বছরের শুরু থেকেই উদ্বেগ বাড়াচ্ছিল মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি। তাই রাশ টানতে ফের রাজ্যে লকডাউনের ঘোষণা করল উদ্ধব সরকার। আজ, শুক্রবার উদ্ধব ঠাকরের প্রশাসন জানিয়ে দিল, ক্রমশ করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় লকডাউন জারি হচ্ছে বিদর্ভ অঞ্চলের দুই জেলা যবৎমাল ও অমরাবতীতে। শুধু তাই নয়, সকলের মাস্ক পরাও বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার। মাস্ক না পরলে ২০০ টাকা জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে উদ্ধব প্রশাসন।
জানা গিয়েছে, যবৎমালে আজ, শুক্রবার রাত থেকে শুরু করে আগামী ১০ দিন লকডাউন জারি থাকবে। জেলাশাসক এম ডি সিংহ জানান, গত ১ ফেব্রুয়ারি থেকে এই জেলায় কোভিড রোগীর সংখ্যা বাড়ছিল। বুধবার পর্যন্ত আক্রান্ত ৬০৬ জন। তাই লকডাউন জারির পাশাপাশি যবৎমালে ২৮ তারিখ পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকছে। ধর্মীয় অনুষ্ঠানও বন্ধ। বিয়েতে নিমন্ত্রিতের সর্বোচ্চ সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে ৫০।
অন্যদিকে, আগামিকাল, শনিবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন থাকবে অমরাবতী জেলায়। মঙ্গলবার ওই জেলায় নতুন কোভিড রোগীর সংখ্যা যেখানে ছিল ৮২, সেখানে এক দিনে তা বেড়ে হয়েছে ২৩০। সপ্তাহান্তে অমরাবতীতে বন্ধ থাকবে বাজার। জরুরি পরিষেবা অব্যাহত থাকবে। জেলাশাসক শৈলেশ নাভাল তাঁর নির্দেশে বলেছেন, ‘ভবিষ্যতে আরও কড়া লকডাউনের সম্ভাবনা এড়াতে আপাতত সপ্তাহান্তের লকডাউন জারি করা হল।’
উদ্বেগ বাড়াচ্ছে আকোলা জেলাও। তবে সেখানে এখনই লকডাউন জারি হচ্ছে না। কেবল জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিয়েবাড়িতে নিমন্ত্রিতের সংখ্যা ৫০ বেঁধে দেওয়া হয়েছে।
আবার বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, গণ-পরিবহণ থেকে কর্মক্ষেত্র, অনুষ্ঠান— মাস্ক সর্বত্র বাধ্যতামূলক। প্রকাশ্যে মাস্ক ছাড়া ধরা পড়লে ২০০ টাকা তৎক্ষণাৎ জরিমানা করা হবে। সকলে অতিরিক্ত মার্শাল রাখা হবে বলেও বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার এর আগে বলেছিল, রাজ্যগুলি লকডাউন করতে চাইলে কেন্দ্রের অনুমতি নিতে হবে। তাই মহারাষ্ট্রে কার্যত লকডাউন জারি হলেও জেলাশাসকদের উদ্দেশে মহারাষ্ট্র সরকারের চিঠিতে ‘লকডাউন’ কথাটি নেই। সেখানে তিন জেলার বিশেষ কিছু এলাকাকে কন্টেনমেন্ট এলাকা হিসেবে ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।


