খবর লাইভ : বঙ্গ সফরে এসে সাগর থেকে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন, তখনই পৈলানে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপি শিবিরকে উন্নয়ন নিয়ে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বনাম তৃণমূলের উন্নয়নের পরিসংখ্যানকে হাতিয়ার করে এদিন তাঁর দাবি, গত দশ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন, তা দেশের কোনও রাজ্যে হয়নি। একইসঙ্গে বিজেপি শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ‘লড়াই হবে তথ্য, পরিসংখ্যানের ভিত্তিতে। কোন চ্যানেল কে বসবে, কে আসবে ওরা ঠিক করুক। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, অন্যদিকে আমি একা থাকব। দশ গোল দেব।’
বিজেপি টাকা দিয়ে তৃণমূল নেতাদের দলে টানছে বলেও এদিন তোপ দাগেন অভিষেক। বলেন, ‘সাত বছরের হিসাবে ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা বাংলা থেকে কেটে নিয়েছে কেন্দ্র। সেই টাকা দিয়ে এমএলএ, এমপি কিনছে।’ একইসঙ্গে তাঁর তোপ, ‘তৃণমূল থেকে নেতা নিয়ে যাচ্ছে চার্টার্ড বিমানে। পুরনো বিজেপি কর্মীরা টোটোও পাচ্ছে না।’ কেন্দ্র বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে অভিযোগ করে তৃণমূল যুব সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে ১৫ লাখ টাকা করে দেবে বলেছিল। ১৫ লাখ তো দূরের কথা, ১৫ টাকাও দেয়নি। আর আগে বাংলায এসে অমিত শাহ বলেছিল, আমরা সব চাষীকে ১৮ হাজার টাকা দেব। আজ আবার কাকদ্বীপে চার লক্ষ মতস্যজীবীদের টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বলছি, আগে টাকা দিন। তার পর এবার ভোট চাইবেন। বারবার মিথ্যা প্রতিশ্রুতি আর মানুষ মেনে নেবে না।’ এপ্রসঙ্গে রাজ্যবাসীর প্রতি তৃণমূল যুব নেতার আবেদন, ‘আমরা বলছি, সবুজ সাথী, কন্যাশ্রী, একশো দিনের কাজের হিসাব নিন আমাদের থেকে, তার পর জোট বেঁধে জোড়াফুলে ভোট দিন।’
উল্লেখ্য, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার সভা করতে এসে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে আক্রমণ করছে। দুর্নীতির অভিযোগ তুলছেন তাঁর বিরুদ্ধে। বিজেপির অভিযোগের পাল্টা হিসাবে এবার সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।



