খবর লাইভ : গঙ্গাসাগরে এসে এবার আমফান দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন, ‘বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে আমফান দুর্নীতি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হবে। যারাই দোষী সাব্যস্ত হবে, তাদের জেলে পাঠানো হবে।’ একইসঙ্গে অভিযোগের সুরেই শাহ বলেন, ‘আমফানের পর কেন্দ্র যে টাকা পাঠিয়েছে, তা ভাইপোর গুণ্ডারা সব খেয়ে ফেলেছে। ওরা যতই লুকোক, ওদের দরকার হলে পাতাল থেকে বের করে নিয়ে আসব।’ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫ বছরে মোদি সরকার রাজ্যকে ৩ লাখ ৫৯ হাজার কোটি টাকা পাঠিয়েছে। কিন্তু ওই পয়সা কোথায় গেল? সব তৃণমূলের গুণ্ডারা খেয়ে ফেলেছে। ক্ষমতায় এলে সব তদন্ত হবে।’ এদিন গঙ্গাসাগরে দাঁড়িয়ে শাহ জানিয়ে দেন, ক্ষমতায় এলে বিজেপি সপ্তম বেতন কমিশনের সুপারিশ মত সরকারি কর্মচারীদের বেতন দেবে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলা হিসাবে ঘোষণা করা হবে। এখানে সমুদ্রজাত খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে।’
এদিন শিক্ষকদের উদ্দেশ্যে অমিত শাহ বার্তা দেন। বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে বেতনের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে।’
উল্লেখ্য, এদিন নামখানায় যে পরিবর্তন যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই রথ কলকাতা পর্যন্ত যাবে।



