National

দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নয়া করোনা স্ট্রেনের হদিস মিলল ভারতে, আক্রান্ত পাঁচ

0
(0)

খবর লাইভ : ফের আতঙ্কের মেঘ ফেব্রুয়ারিতে! দেশজুড়ে করোনা টিকাকরণ শুরু হয়েছে। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নয়া করোনা স্ট্রেনের হদিস মিলল ভারতে। ইতিমধ্যে ৫ জন আক্রান্তও হয়েছেন। অন্যদিকে, একসময়ের করোনার আঁতুড়ঘর মহারাষ্ট্রে ফের করোনা সংক্রমিতের সংখ্যা বাড়তে শুরু করেছে। এর জন্য রাজ্যবাসীর অসচেতনতাকে দায়ী করে পুনরায় কড়া পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছে উদ্ধব সরকার। সবমিলিয়ে, করোনা আতঙ্ক নতুন করে সকলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এ দেশের ৪ জনের শরীরের দক্ষিণ আফ্রিকান প্রজাতির ভাইরাস পাওয়া গিয়েছে। আর একজনের শরীরে মিলেছে ব্রাজিলীয় প্রজাতির নমুনা। সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যেই পদক্ষেপ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব  রাজেশ ভূষণ জানিয়েছেন, ‘ব্রিটেন থেকে আসা সমস্ত যাত্রীদের বাধ্যতামূলক ভাবে আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের উড়ানের যাত্রীদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে।’
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি হয়েছে। মোটামুটি সমস্ত রাজ্যগুলিতে করোনার সংক্রমণ কার্যত নিয়ন্ত্রণে রয়েছে। ব্যতিক্রম কেবল কেরল এবং মহারাষ্ট্র। সম্প্রতি এই দুটি রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে ক্রমে উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।
প্রসঙ্গত, গত বছরের একেবারে শেষের দিকে ব্রিটেনের নয়া করোনা স্ট্রেনে আতঙ্ক ছড়িয়েছিল। এমনকী, করোনার নয়া স্ট্রেন ঢুকে পড়েছিল কলকাতাতেও। সংক্রমণ রুখতে ইংল্যান্ডের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রক। তবে এখন পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *