খবর লাইভ : আজ, বসন্ত পঞ্চমী। সকাল থেকে যেন সবচেয়ে ব্যস্ত পড়ুয়ারা। সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়া, শাড়ি পড়ার আনন্দে মাতোয়ারা কচিকাঁচারা। কিন্তু করোনা-কাঁটায় এবছর সেই আনন্দে ভাটার টান। তবে আনন্দে কিছুটা ভাটা থাকলেও একেবারে নিরাশ হতে হবে না ছাত্রছাত্রীদের। ইন্টারনেট তো আছে! অনলাইনে ক্লাস, পরীক্ষার মত এবার সরস্বতী পুজোয় অংশগ্রহণ থেকে অঞ্জলি দেওয়ার বন্দোবস্তও করেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। আর তাতেই দুধের সাধ ঘোলের মেটাচ্ছে কচিকাঁচারা।
বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, কোভিড-বিধি মেনে নবম থেকে দ্বাদশের পড়ুয়ারা অংশ নিতে পারবে পুজোয়। তাহলে বাকিরা সরস্বতী পুজোয় তারা অঞ্জলি দেবে কী ভাবে? তবে ছাত্রছাত্রীদের আনন্দ থেকে পুরো বঞ্চিত না করতে অনলাইনে পুজোর ব্যবস্থা করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কলেজ, বিশ্ববিদ্যালয়েও অনেক জায়গায় অনলাইনে পুজোর ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা।
তাঁরা জানিয়েছেন, ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে পুজোর লাইভ সম্প্রচার করা হবে। কোনও স্কুল আবার নিজেদের ওয়েবসাইটে জুড়ে দেবে লিঙ্ক। কেউ অ্যাপেরও আশ্রয় নিচ্ছে। ইচ্ছুক পড়ুয়ারা অনলাইনেই অংশ নিতে পারবে পুজোয়। দিতে পারবে অঞ্জলি। সবমিলিয়ে, করোনার মধ্যেই অনলাইনে সরস্বতী পুজোয় মাতোয়ার শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ুয়ারা।



