খবর লাইভ : নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতে জখম বাম যুব কর্মী মইদুল ইসলামের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য। ঘটনার প্রতিবাদে আজ, সোমবার এবং আগামিকাল রাজ্যজুড়ে থানা ঘেরাওয়ের কর্মসূচি নিল বাম ছাত্র ও যুব সংগঠন। রাজ্য এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য এদিন এই কর্মসূচির কথা ঘোষণা করে জানান, পরে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। অন্যদিকে, পুলিশ মইদুলের দেহ পাচার করে দিতে পারে অথবা ময়নাতদন্তের রিপোর্টে ভুল তথ্য দিতে পারে বলে আশঙ্কা বামেদের। তাই মইদুলের দেহের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করার দাবি জানিয়েছে বাম নেতৃত্ব।
মইদুলের দেহ ইতিমধ্যে পাঠানো হয়েছে এন্টালি পার্কের কাছে কলকাতা পুলিশ মর্গে। সেখানেই ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত করবেন ৩ চিকিৎসক। ওসি হোমিসাইড থাকবে। ইতিমধ্যে ওই মর্গের সামনে বাম নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। এসে পৌঁছেছেন মইদুলের ভাইও।
ময়নাতদন্তের পর মইদুলের দেহ নিয়ে যাওয়া হবে রাজ্য এসএফআই ও ডিওয়াইএফআই সদর দফতর, দীনেশ মজুমদার ভবনে। সেখান থেকে সাড়ে তিনটের সময় মইদুলের দেহ নিয়ে মিছিল করবে বাম ছাত্র-যুবরা।




