খবর লাইভ : কিছুদিন আগেই কৃষক সমস্যা সমাধানে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশস্তি শোনা গিয়েছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মুখে। তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয় ট্রুডোর। এরপরই কানাডাকে করোনা ভাইরাসের টিকা দিতে সম্মত হল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, কানাডায় ৫ লাখ করোনা টিকা পাঠাবে ভারত। শুধু কানাডা নয়, নেপাল, বাংলাদেশ, ভূটান সহ প্রতিবেশি দেশেও করোনার টিকা পাঠানো হবে। ভারতে কোভিশিল্ড ও কোভ্যাকসিন, দুই ধরনের টিকাই আছে। এই সব টিকাই দেওয়া হবে।
গত ৫ ফেব্রুয়ারি কানাডার তরফে দশ লাখ কোভিশিল্ড চাওয়া হয়। কিন্তু তাতে সাড়া না মেলায় গত ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন ট্রুডো। এরপরই ভারতের তরফে সাড়া মেলে। তবে এখনই তাদের চাহিদা পূরণ হচ্ছে না।
উল্লেখ্য, প্রথমদিকে ভারতের কৃষকদের পাশে দাঁড়িয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে অটোয়া ও ভ্যাঙ্কুভারে অবস্থিত ভারতীয় কূটনীতিকদের হুমকিও দেওয়া হয়। ভারতীয় দূতাবাসের তরফে অভিযোগ জানালেও প্রথমে ট্রুডো প্রশাসনের চ
তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে অবশ্য তদন্ত শুরু করেছে কানাডা পুলিশ। ওয়াকিবহাল মহলের মতে, কানাডা পুলিশের উদ্যোগ দেখে দুই দেশের মধ্যে সম্পর্ককে সুদৃঢ করতে এগিয়ে এল নয়াদিল্লি।




