খবর লাইভ :বাঙালির ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজোর হাত ধরেই বিদায় নিচ্ছে শীত! ফাগুনের শুরু থেকেই বসন্ত-বাতাস বইতে শুরু করেছে রাজ্যে। এবার তার দোসর হতে চলেছে বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপাশি সপ্তাহান্তে দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায়। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়াতেও। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।
অন্যদিকে, কলকাতা সহ রাজ্যের তাপমাত্রার পারদ ক্রমে বাড়ছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উঠে যায় ২০.৮ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। জেলাগুলিতেও তাপমাত্রা ঊর্ধ্বগামী। বাতাসে জলীয়বাষ্প আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। এদিন বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। সবমিলিয়ে, কার্যত উধাও শীত।




