খবর লাইভ : কলকাতায় চালু হয়ে গেল রাজ্য সরকারের ‘মা কিচেন’। সামনেই বিধানসভা ভোট। তাই দেরি না করে আজ, সোমবারই নবান্ন থেকে প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নের তরফে জানানো হয়েছে, সপ্তাহের ৭ দিন দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত খাবার দেওয়া হবে। কলকাতা জুড়ে ৭২টি মা কিচেনের দোকান খুলছে রাজ্য সরকার। মোট খরচ ধরা হয়েছে ১৩ টাকা। এর মধ্যে প্রতি পাতে ৮ টাকা ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার। ৫ টাকায় পাওয়া যাবে ২০০ গ্রাম ভাত, ৫০ গ্রাম ডাল, ১০০ গ্রাম আলু, ১০০ গ্রাম সব্জি আর একটা ডিম। ২টি ওয়ার্ড পিছু ১টি দোকান আপাতত খুলছে রাজ্য সরকার। প্রতিটি হেঁসেল থেকে ২ হাজার মানুষের খাবার তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে অর্থাৎ প্রতিটি দোকানে পৌঁছবে ৫০০ জনের খাবার। এদিন ‘মা কিচেনের’ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমিও একদিন যাব খেতে।’
জানা গিয়েছে, প্রতিটি দোকানে থাকবেন ৪ জন করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। প্রতিটি হেঁসেলে থাকবেন ১০ জন। সবমিলিয়ে কলকাতায় এই প্রকল্পে ৪৪৮ জনকে নিয়োগ করেছে সরকার।




