খবর লাইভ : মমতা সরকারের ভোট-কৌসুঁলি প্রশান্ত কিশোরের বাড়ি ভাঙল নীতীশ সরকার। হঠাৎ করে নীতীশ সরকারের এহেন পদক্ষেপে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি রাজনৈতিক চক্রান্তের শিকার হলেন পিকে? এমন প্রশ্নও উঠেছে। যদিও স্থানীয় প্রশাসন সেসব দাবি উড়িয়ে দিয়েছে।
জানা গিয়েছে, বিহারের বক্সারের আহিরৌলি গ্রামে প্রশান্ত কিশোরের পৈতৃক বাড়ি। পিকের বাবা ডা. শ্রীকান্ত পাণ্ডে সেই বাড়িটি তৈরি করেছিলেন। পিকে অবশ্য সেই বাড়িতে থাকেন না। এবার সেই বাড়িরই পাঁচিল ভাঙল স্থানীয় প্রশাসন। মাত্র দশ মিনিটের মধ্যে বুলডোজার দিয়ে পিকের বাড়ির ওই অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যদিও ৮৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে সমস্যার জন্যই পাঁচিলটি ভাঙার প্রয়োজন ছিল বলে জানিয়েছে নীতীশ প্রশাসন। তবে তার জন্য প্রশান্ত কিশোরকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন। যদিও প্রাক্তন জেডিইউ নেতা প্রশান্ত কিশোর এখনও সেই ক্ষতিপূরণ গ্রহণ করেননি বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, বিহারে নীতিশ কুমারের দল জেডিইউ থেকে বহিষ্কার করা হয়েছিল পিকেকে। তার পর থেকে তৃণমূলের ভোটকুশলী তিনি। এর জন্যই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে পিকে-র ওপর পরোক্ষে নীতীশ সরকারের কোপ পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।




