খবর লাইভ : জঙ্গিদের নিশানায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা! এনএসএ প্রধান অজিত ডোভালকে খুনের চক্রান্ত করা হচ্ছে। তাঁর ওপর নজরদারিও শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওয় এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল।
জানা গিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান থেকে ধৃত জঈশ জঙ্গিকে জেরা করেই এনএসএ প্রধান অজিত ডোভালকে খুনের পরিকল্পনার কথা প্রকাশ্যে এসেছে। ধৃত জঙ্গির কাছ থেকে একটি ভিডিও ক্লিপ পাওয়া গেছে। যেখানে দেখা যাচ্ছে, ডোভালের বাড়ি ও কর্মস্থলের একাধিক ছবি রয়েছে। ওই জঙ্গি জেরায় জানিয়েছে, ২০১৯ সালের ২৪ মে সে শ্রীনগর থেকে বিমানে দিল্লি এসেছিল। এরপর ডোভালের অফিস ও বাসস্থানের একাধিক ভিডিও ফুটেজ হোয়াটসঅ্যাপে পাকিস্তানে থাকা জঈশ-ই-মহম্মদের প্রধানের কাছে পাঠানো হয়। তারপর পাকিস্তান বসেই ডোভালকে হত্যার ছক কষা বশ। শুধু তাই নয়, অজিত ডোভালকে হত্যার জন্য তাঁর অফিস ও বাড়ির সামনে একাধিকবার রেইকিও করা হয়েছে। এমনকি দিল্লির সর্দার প্যাটেল ভবন ছাড়াও আরও কিছু জায়গাকে হামলার জন্য বাছা হয়েছিল বলেও জানিয়েছে ওই জঈশ জঙ্গি। ২০১৬ সালে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই জঈশ জঙ্গিদের অন্যতম টার্গেট অজিত ডোভাল বলে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। যদিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফেও এই বিষয়ে একাধিকবার ডোভালকে সতর্ক করা হয়েছিল।



