খবর লাইভ : রাহুল গান্ধির হল টা কী! মঙ্গলবার টুইটারে তিনি আনফলো করেছেন ৫০ জনকে! তারমধ্যে যেমন রয়েছেন তাঁর ব্যক্তিগত সহায়তাকারী, সোশ্যাল মিডিয়ায় যে সব ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হন তেমনই রয়েছেন বেশ কিছু সাংবাদিক। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত ওয়াইনাডের সাংসদের? তাহলে কি রাজনীতিকে আলবিদা জানিয়ে ভারত ছাড়ছেন কংগ্রেস নেতা? এমনই নানা ধরনের অনুমান করছেন বিশেষজ্ঞরা।
কংগ্রেসের প্রাক্তন সভাপতির এমন সিদ্ধান্তের পিছনে আসল কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞদের জল্পনায় জল ঢেলে দলের কর্মীরা বলছেন, এটা রাহুলের স্ট্যাটেজি। টুইটারে ফলোয়ার সংখ্যা বেড়ে গেলে, মাঝে মধ্যেই কোনও ব্যক্তিকে আনফলো করেন। ফের নতুন ফলোয়ার বেছে নেন।
সূত্রের খবর, রাহুল দেশ ও বিদেশের কিছু জনপ্রিয় ও প্রথম সারির সাংবাদিকদেরই ফলো করবেন এবার। আমাদের সকলের জানাই আছে, রাহুল টুইটারে কতটা জনপ্রিয়। টুইটারে ভারত সরকারের যেকোনও বিষয় নিয়ে আক্রমণ কিংবা সমালোচনা করেই থাকেন তিনি। বিশেষ করে এই করোনাকালে টুইটার হল রাহুলের একমাত্র ভোকাল টনিক। তাই টুইটারের মাধ্যমেই নিজের আন্দোলন ও সুর চড়িয়ে বক্তব্য রাখেন এই কংগ্রেস নেতা। সূত্রের খবর, ২০২৪-এর দিকে তাকিয়েই এবার রাহুল নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে নয়া স্ট্র্যাটেজি ব্যবহার করবেন যা নজরে থাকবে সবার।




