খবর লাইভ : বিধানসভা ভোটের আগে ফের গতি পেল রোজভ্যালি মামলার তদন্ত! শুক্রবার রোজভ্যালি কাণ্ডে প্রথম সাজা ঘোষণা করল সিবিআইয়ের বিশেষ আদালত। এই মামলার অন্যতম অভিযুক্ত অরুণ মুখার্জিকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে আড়াই লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।
প্রসঙ্গত, চিটফান্ড সংস্থা রোজভ্যালির বিরুদ্ধে বাজার থেকে বেআইনিভাবে ১২ কোটি ৮৫ লাখ টাকা তোলার অভিযোগ ওঠে। সেই দুর্নীতির ঘটনায় ২০১৩ সালে তদন্ত শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতারও করে ইডি। বাজেয়াপ্ত করা হয় তাঁর ল্যাপটপ, মোবাইল, নথি সবকিছু-ই। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালের মে মাসে রোজভ্যালি কাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। রোজভ্যালি মামলায় সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু ও অরুণ মুখার্জি সহ আরও কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই মামলারই দীর্ঘ শুনানির পর এদিন প্রথম সাজা ঘোষণা করল সিবিআইয়ের বিশেষ আদালত।
অন্যদিকে, রোজভ্যালি কাণ্ডের তদন্তে ইতিমধ্যে আবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর প্রশ্নের মুখে পড়েছে ইডি-ও! রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডর বাজেয়াপ্ত ল্যাপটপ ও মোবাইলের কোনও খোঁজ নেই। ইডি-র হেফাজত থেকেই সেই ল্যাপটপ আর মোবাইল ‘উধাও’ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ‘উধাও’ ল্যাপটপ-মোবাইলের খোঁজ পেতে ইতিমধ্যে ইডি-র তত্কালীন ৩ তদন্তকারী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে সিবিআইয়ের তরফে।



