খবর লাইভ : তৃণমূলের রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু দল ছাড়ার ব্যাপারে স্পষ্ট করে এখনও কিছু জানাননি। তার আগেই নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিলেন দীনেশ ত্রিবেদী।
শুক্রবার সংসদের অধিবেশন কক্ষ থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই নিজের ট্যুইটার অ্যাকাউন্টের কভার ছবি বদলে ফেলেন তিনি। আগে কভার ফটোতে ছিল তাঁর ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাফিক্স ছবি। এবার তার জায়গায় চলে এসেছে স্বামী বিবেকানন্দের ছবি শোভিত গ্রাফিক্স। এদিন সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর রাজ্যসভার সদ্য প্রাক্তন সাংসদ বলেন, ‘দলের রাশ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। চুপ করে থাকতে থাকতে আমার দমবন্ধ হয়ে আসছিল। মানুষের জন্য কাজ করতে পারছিলেন না। তৃণমূলের রাশ কর্পোরেট সংস্থা ও অযোগ্য নেতৃত্বের হাতে চলে গিয়েছে।’




