খবর লাইভ : নবান্ন অভিযানে ছাত্র-যুবদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আগামিকাল, শুক্রবার ১২ ঘণ্টার বনধ ডাকল বামেরা।
শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলায় বনধের ডাক দিয়েছে বামেরা। তাদের দাবি, ছাত্রদের উপর যেভাবে নির্বিচারে আঘাত করা হল, তা প্রকৃতপক্ষে গণতন্ত্রের উপরই আঘাত। তাই গোটা রাজ্যের মানুষকে বনধে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
বৃহস্পতিবার বাম ছাত্র যুবদের ১০টি সংগঠন নবান্ন অভিযানের ডাক দেয়। সেই অভিযান ঘিরে রণক্ষেত্রের আকার নেয় ধর্মতলা চত্বর। বামেদের দাবি, মিছিল শান্তিপূর্ণভাবেই ডোরিনা ক্রসিং অবধি পৌঁছয়। কিন্তু এরপরই পুলিশের সঙ্গে শুরু হয় গোলমাল। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের উপর জলকামান ছোঁড়ে বলে অভিযোগ। এরপর কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। মিছিল প্রতিহত করতে চলে লাঠিচার্জ। গুরুতর আহত হন ছয় আন্দোলনকারী। তবে আহত হয়েছেন বহু পুলিশকর্মীও।




