খবর লাইভ : মাঘের শেষেও দাপুটে ইনিংস খেলছে শীত। আরও ২ ডিগ্রি নামল কলকাতার পারদ। আগামী দুদিন এরকমই চলবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। যদিও রেকর্ড বলছে, গত ৬২ বছরে তুলনায় এবছর শীতের দাপট অনেকটা কম। ১৯৫৮ সালের পর ভারতে ২০২১-ই উষ্ণতম জানুয়ারি মাস ছিল।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় নেমে গিয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। জেলাগুলির তাপমাত্রা আরও ১১-১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। সবমিলিয়ে, রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও সরস্বতী পুজোর আগে শীত বিদায়ের পূর্বাভাস এখনও পাওয়া যায়নি বলে হাওয়া অফিস জানাচ্ছে।




