খবর লাইভ : শেষমেষ গ্রেফতার করা হল লালকেল্লা তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা দীপ সিধু। মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ সেল।
গত ২৬ জানুয়ারি লালকেল্লায় তাণ্ডবের ঘটনার পর থেকে ফেরার ছিলেন দীপ সিধু। তাঁকে পাকড়াওয়ের জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণাও করা হয়। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন দীপ সিধু।
শিখ ফর জাস্টিসের দায়ের করা এফআইআরের ভিত্তিতে ফেব্রুয়ারির শুরু থেকেই দীপ সিধু ও তাঁর ভাই মনদীপ সিংয়ের বিরুদ্ধে সমন জারি করেছিল এনআইএ। এরপর পঞ্জাবি এই অভিনেতাকে ধরতে কোমর বেঁধে দিল্লি পুলিশ ময়দানে নেমেছিল। ঘটনায় অভিযুক্তদের খোঁজে দিল্লি ও পঞ্জাবের বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছিল পুলিশ। ৪৪টি এফআইআরের ভিত্তিতে ১২২ জনকে গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছে, লালকেল্লা অভিযানের পরের দিন থেকেই শাহ-মোদির সঙ্গে দীপের ছবি ভাইরাল হতেই বিজেপি দীপের থেকে দুরত্ব বাড়াতে শুরু করে। সেইসঙ্গে বিজেপি সাংসদ সানি দেওল ট্যুইট করে জানিয়ে দিয়েছিলেন, দীপের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। যদিও একের পর এক ভিডিও শেয়ার করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করেছেন দীপ।




