খবর লাইভ : ফের জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে! শনিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হওয়ায় ফের নতুন ইনিংস শুরু করতে চলেছে শীত। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে আজ, রবিবার কলকাতায় মেঘলা আকাশ থাকতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন রাত থেকেই তাপমাত্রা আরও কমবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে এদিন বিকেল পর্যন্ত বৃষ্টি চলতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর তারপরই রাত থেকে সর্বাধিক ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। যার জেরে সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।



