খবর লাইভ : আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি অনুষ্ঠানে থাকছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে প্রধানমন্ত্রীর দফতরকে তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী কেন থাকতে পারছেন না, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
রবিবার হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যার জন্য মোট ব্যয় বরাদ্দ প্রায় ৪ হাজার কোটি টাকা। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু শনিবার মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না। তবে জানা গিয়েছে, ওই অনুষ্ঠানেম উপস্থিত থাকার কথা রয়েছে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি তোলা হয়, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী নিজেও এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।




