খবর লাইভ : বাঙালি মণীষীদের নিয়ে কথা বলতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নবদ্বীপে স্বামীজিকে ‘বিবেকানন্দ ঠাকুর’ বলে মন্তব্য করেছেন তিনি, যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বাংলার সংস্কৃতিকে অপমাণ করা হয়েছে বলে অভিযোগ শাসক শিবিরের।
শনিবার চৈতন্যদেবের জন্মভূমিতে বাঙালি আবেগকে সামনে এনে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার আগে নবদ্বীপে চটির মাঠে জনসভা করেন তিনি। তখনই বক্তব্য রাখতে গিয়ে একাধিক মণীষীর নাম নিতে থাকেন নাড্ডা। সেই সময় স্বামী বিবেকানন্দকে ‘বিবেকানন্দ ঠাকুর’ বলে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সভায় তখন উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত নেতারা। নাড্ডার এই মন্তব্যের পর মণীষীদের অপমাণ করা হচ্ছে বলে সরব হয় তৃণমূল। তৃণমূলের তরফে ট্যুইটে জানানো হয়, ‘কখনও জাতীয় সঙ্গীত ভুল গেয়ে বসেন আবার কখনও স্বামীজিকে বিবেকানন্দ ঠাকুর বলেন। পশ্চিমবঙ্গে এসে এভাবে স্বামীজিকে অপমাণ করতে পারেন না নাড্ডা। বাংলার মানুষ বুঝিয়ে দেবে বাংলার সংস্কৃতির আসল রক্ষাকর্তা কে?’




