খবর লাইভ : তরুণ বিজেপি নেতা মণীশ শুক্লার খুনীর কিনারা মিলল অবশেষে। তামিলনাড়ু থেকে গ্রেফতার হল অভিযুক্ত শার্প শ্যুটার অনীশ ঠাকুর।
পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতা মণীশ শুক্লাকে হত্যার পর গা ঢাকা দিয়েছিল অনীশ ঠাকুর। তারপর তামিলনাড়ুতে একটি দুষ্কৃতীদের গ্যাংয়ে যোগ দেয় সে। সেখানে একটি ডাকাতির চেষ্টা করলে পুলিশ অনীশকে গ্রেফতার করে সেই রাজ্যের পুলিশ। তারপরই বিষয়টি জানানো হয় লালবাজারকে। সূত্রের খবর, অনীশকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনতে কলকাতা থেকে শুক্রবারই সিআইডি টিম যাচ্ছে তামিলনাড়ুতে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে টিটাগড়ের বিটি রোডের উপর প্রকাশ্য রাস্তায় আততায়ীদের গুলিতে খুন হন স্থানীয় বিজেপি নেতা মণীশ শুক্লা। পরিকল্পনা করে শার্প শ্যুটারদের কাজে লাগিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ। সেই অভিযোগের তালিকার শীর্ষে ছিল শার্প শ্যুটার অনীশ ঠাকুর। রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে মণীশ শুক্লাকে খুন করা হয়, তা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি। বিরোধীদের চাপে মণীশ খুনের তদন্তের দায়িত্ব সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার।




