খবর লাইভ : দিল্লিতে কৃষক বিক্ষোভ আর ভারতের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। দুই মাসের ওপর চলা কৃষক বিক্ষোভ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল নবনিযুক্ত মার্কিন প্রশাসন। আলোচনার ভিত্তিতে কৃষক বিক্ষোভ মিটিয়ে নেওয়ার আর্জি জানাল বিডেন প্রশাসন। মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গণতন্ত্রে শান্তিপূর্ণ বিক্ষোভের সর্বদা জায়গা আছে। সেকথা ভারতের সুপ্রিম কোর্টও বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে, এমন মনে করা হোক তারা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। ইতিমধ্যে ভারতে একটানা চলতে থাকা কৃষি বিক্ষোভ নিয়ে ট্যুইটে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পপস্টার রিহানা থেকে শুরু করে গ্রেটা থুন বার্গ সহ অনেকেই। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাগ্নি মিনা হ্যারিসও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যদিও এই বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছে না ভারতের বিদেশমন্ত্রক।
তবে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারতীয় বাজার সংস্কার ও বেসরকারি লগ্নির আসার প্রক্রিয়াকে তারা স্বাগত জানায়। তবে যেভাবে কৃষি বিক্ষোভের জেরে ইন্টারনেট সংযোগ ছিন্ন করা হয়েছে, তার নিন্দা করা হচ্ছে।




