খবর লাইভ : যে মানুষ কাজ করে, তাঁকেই দল খুঁজে নেয়। বুধবার দলীয় শৃঙ্খলার কথা বলে কর্মী-সমর্থকদের এই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, ‘যাঁরা লোভী, ভোগী, তাঁরা আগেই চলে গিয়েছেন। টাকা দিয়ে তৃণমূলের টিকিট মেলে না। যে মানুষের কাজ করে, তাঁকে দল খুঁজে নেয়। বুথকর্মীরাই তৃণমূলের নেতা। তাঁরাই সব করেন। কর্মীরাই আসল। তাঁরাই কাজ করেন।’
এদিন দলীয় কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি বিজেপিকে তুলোধোনা করে মমতা বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন পাঠাতে পারল না, আর যাঁরা ভ্রষ্টাচারী, তাঁদের চ্যাটার্ড প্লেনে নিয়ে যাচ্ছেন।’ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে তুলে ধরে তৃণমূল নেত্রী এদিন বলেন, ‘আমরা স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছি। নার্সিংহোম, হাসপাতালে বছরে ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা মিলবে। বিনা পয়সায় রেশন, কন্যাশ্রী, রূপশ্রী সব পেতে হলে তৃণমূলকে ভোট দিন। কেন্দ্র সব মিথ্যা কথা বলে। একটা চা বাগানও খোলেনি। ১৫ লাখ টাকা করে দেবে বলেছিল। কেউ পায়নি। রেল, কোল, লাইফ ইন্সিওরেন্স সব প্রাইভেট লিমিটেড করে দিচ্ছে। সব বেচে দিচ্ছে।’ এদিন মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেন, ‘আলিপুরদুয়ার, ফালাকাটায় শিল্প হাব হবে। আদিবাসীদের জমি যাতে কেড়ে নিতে না পারে, সেজন্য আইন করেছি।’ একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে তাঁর মন্তব্য, ‘বিজেপি শুধু জাতপাতে ঝগড়া লাগাবে। বিজেপির কোনও জায়গা নেই।’ মমতার দাবি, ‘তৃণমূল লড়ছে। লড়ে যাবে। কিন্তু বিজেপিকে আসতে দেবে না।’



