খবর লাইভ : নয়া তিন কৃষি আইন নিয়ে বুধবার ফের উত্তাল হল রাজ্যসভা। এদিন ফের সাসপেন্ড হলেন ৩ সাংসদ। নয়া কৃষি আইনের বিরোধিতায় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় আম আদমি পার্টি (আপ)-এর ৩ সাংসদকে সাসপেনশন নোটিশ ধরালেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।
জানা গিয়েছে, এদিন সংসদের অধিবেশন শুরু হতেই কৃষি আইন নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। নয়া আইনে বিরোধিতায় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন আম আদমি পার্টির ৩ সাংসদ–সঞ্জয় সিংহ, এনডি গুপ্ত এবং সুশীল গুপ্ত। এমনকি অধিবেশন চলাকালীন অনেকেই সেটি মোবাইলের ক্যামেরা বন্দি করছেন বলে অভিযোগ। চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু প্রথমে তাঁদের শান্ত হওয়ার ব্যাপারে সতর্ক করেন। কিন্তু তাতেও উত্তেজনা অব্যাহত থাকায় আপের ওই ৩ সাংসদকেই সাসপেন্ড করেন চেয়ারম্যান। সংবিধানের ২৫৫ ধারা মোতাবেক তাঁদের সাসপেন্ড করা হয় বলে জানা গিয়েছে।



