খবর লাইভ : ফের বিজেপির মিছিলের পথে কালো পতাকা! এবার বারুইপুরে বিজেপির বিশাল যোগদান মেলায় যাওয়ার পথে শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাল তৃণমূল কর্মীরা। যদিও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বলয় থাকায় বড় কোনও গণ্ডগোল হয়নি। তবে এই ঘটনায় শুভেন্দু, রাজীবকে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়।
জানা গিয়েছে, এদিন পদ্মপুকুর দিয়ে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাওয়ার সময় তৃণমূলের কর্মী-সমর্থকেরা রাস্তার পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবেই কালো পতাকা দেখান। তবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকায় বড় ধরনের কোনও গোলমাল হয়নি। নির্বিঘ্নেই সভাস্থলে পৌঁছে যান সদ্য বিজেপিতে যাওয়া রাজ্যের হেভিওয়েট দুই প্রাক্তন মন্ত্রী। এপ্রসঙ্গে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় বলেন, ‘এতদিন সরকারে থেকে যাঁরা দুধ-মধু খেয়ে দল ছেড়েছেন, তাঁদের প্রতি দলের নীচুতলার কর্মীদের স্বতস্ফূর্ত ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। আর দলের কর্মীরা তো কোনও গোলমাল করেনি। শান্তিপূর্ণ ভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে কালো পতাকা দেখিয়েছে, বিশ্বাসঘাতকদের সঙ্গে এমনই হয়।’ যদিও তৃণমূল শেষ হয়ে গিয়েছে দাবি জানিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হতাশা থেকে তৃণমূলের সমর্থকরা এখন আমাদের কালো পতাকা দেখাচ্ছে।’




