খবর লাইভ : মধ্যবিত্তদের কিছুটা সুরাহা করে দিতে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্র। এবার নতুন ফ্ল্যাট কিনলে আয়করে ছাড় মিলবে। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে গিয়ে জানান, গৃহঋণে সুদ ১.৫ লাখ পর্যন্ত কর মুক্ত। এই সুবিধা মিলবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। একই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, শেয়ার ডিভিডেন্ট থেকে টাকা কাটা হবে না। বিদেশি বিনিয়োগ জিরো কুপন বন্ড নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি দেরিতে প্রভিডেন্ট ফান্ড জমা দিলে টাকা কাটা হবে না।
এদিন বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়িয়ে করা হয়েছে ৭৪ শতাংশ। এদিন নির্মলা বলেন, ‘বিদেশি মালিকানা ও সুরক্ষাকবচ মেনে নিয়ন্ত্রণেও অনুমোদন দেওয়া হবে। নতুন কাঠামোয় সংস্থার বোর্ডে অধিকাংশ পরিচালক ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারতের বাসিন্দা হতে হবে। অন্তত ৫০ শতাংশ পরিচালক হবেন স্বাধীন। লাভের একটি অংশ সাধারণ তহবিলে রাখতে হবে।’



