খবর লাইভ : ফের মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। আবার বাড়তে চলেছে পেট্রোপণ্যের দাম। এবারের প্রস্তাবিত বাজেটে পেট্রোপণ্যের ওপর কৃষি সেস বসানোর প্রস্তাব রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেট্রোলে লিটার প্রতি আড়াই টাকা ও ডিজেলে লিটার প্রতি ৪ টাকা সেস বসানোর প্রস্তাব রেখেছেন। দিল্লি সীমান্তে তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পাঞ্জাব ও হরিয়ানা কৃষকদের আন্দোলন অব্যাহত। এই পরিস্থিতিতে নতুন করে পেট্রোপণ্যের ওপর কৃষি সেস বসানোর সিদ্ধান্ত মধ্যবিত্তদের কতটা লাভ হবে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত জানুয়ারি মাসে পেট্রোল ও ডিজেলের দাম ১০ বার বেড়েছিল। পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি ২ টাকা ৫৯ পয়সা। ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি ২ টাকা ৬১ পয়সা।
শুধু পেট্রোপণ্যই নয়, কয়েকটি পণ্যে মূল্য বৃদ্ধি হয়েছে। দাম বাড়ছে ইলেক্ট্রনিক্স জিনিসপত্র, মোবাইল ফোন, ফোনের চার্জার, চামড়ার জুতোর। তবে বেশ কিছু জিনিসের দাম কমছে। এগুলির মধ্যে রয়েছে লোহা, ইস্পাত, নাইলনের জামাকাপড়, তামা দিয়ে তৈরি জিনিসপত্র।




