খবর লাইভ : হরিদ্বারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই রকমের মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায়। ঔশানেশ্বর মহাদেব মন্দিরে পুজো দিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই পুণ্যার্থীর। ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।
জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী জানিয়েছেন, মন্দির চত্বরে আচমকা একটি বাঁদর লাফিয়ে বিদ্যুতের খোলা তারে পড়ে যায়। এতে তারটি ছিঁড়ে ভিড়ের উপর পড়ে। তখন মন্দিরে মহাদেবের জলাভিষেক চলছিল এবং আশেপাশে প্রচুর মানুষ ভিড় করে ছিলেন। তার ছিঁড়ে পড়তেই মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হন একাধিক পুণ্যার্থী।
দুর্ঘটনার ফলে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শুরু হয় হুড়োহুড়ি। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতদের মধ্যে একজনের নাম প্রশান্ত (২২ বছর)। দ্বিতীয় মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, এর ঠিক আগেই উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুণ্যার্থীদের পদপিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়। সেখানেও অতিরিক্ত ভিড় ও আতঙ্ক পরিস্থিতি আরও জটিল করে তোলে। এখন বারাবাঁকিতেও একই ধরনের মর্মান্তিক ঘটনা সামনে আসায় রাজ্য জুড়ে উদ্বেগের সঞ্চার হয়েছে।




