খবর লাইভ : মধ্যপ্রদেশে ‘কোল্ডরিফ’ নামের কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যুর পর তৎপর প্রশাসন। এই কাফ সিরাপকাণ্ডে রবিবার ভোরে মধ্যপ্রদেশের ছিন্দোয়ারা থেকে এক শিশু বিশেষজ্ঞকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ওই চিকিৎসকের নাম ডঃ প্রবীণ সোনি। মৃত শিশুর অধিকাংশের শুশ্রুষা করেছিলেন তিনিই। অভিযোগ, ডঃ সোনিই অসুস্থ শিশুদের ওই ‘কোল্ডরিফ’ সিরাপ খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন।
মধ্যপ্রদেশ সরকার তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় অবস্থিত কোল্ডরিফ কাশির সিরাপ প্রস্তুতকারক কোম্পানি শ্রীসান ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রবীণ সোনিকে রাজপাল চক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিএনএস এবং মাদক আইনের অধীনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।




