খবর লাইভ : ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে এক রোমাঞ্চকর ড্র করে সিরিজে টিকে থাকল ভারত। শেষ দিনে ব্যাট হাতে অনন্য নজির গড়লেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। দুজনেই দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতকে পরাজয়ের মুখ থেকে টেনে এনে ম্যাচ বাঁচিয়ে দেন। জাদেজার ১০৭ ও সুন্দরের ১০৩ রানের ইনিংস ভারতীয় দলকে এনে দেয় ৪ উইকেটে ৪২৫ রানের এক পাহাড়সম স্কোর এবং এক অবিস্মরণীয় ড্র।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে বিশাল স্কোর করে ৩১১ রানের লিড নিয়ে ভারতকে চাপে ফেলে দেয়। চতুর্থ দিনের শুরুতে ভারতের দুই উইকেট দ্রুত পড়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। তবে অধিনায়ক শুভমান গিল ও ওপেনার কেএল রাহুলের দায়িত্বশীল ব্যাটিং দলকে নতুন করে আশা দেখায়। রাহুল ৯০ রানে আউট হলেও গিল তুলে নেন নিজের চতুর্থ সেঞ্চুরি (১০৩) এবং সেই সঙ্গে ইতিহাস গড়েন—ইংল্যান্ডের মাটিতে এক টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নিজের নাম লেখান রেকর্ডবুকে।
গিলের বিদায়ের পর যখন মনে হচ্ছিল ভারত আবার চাপে পড়বে, তখন দৃঢ় হয়ে দাঁড়ালেন জাদেজা ও সুন্দর। দুই বাঁহাতি ব্যাটার জুটি গড়ে দলকে কেবল পরাজয়ের হাত থেকে বাঁচালেন না, বরং প্রতিপক্ষের উপর মানসিক চাপও সৃষ্টি করলেন। দু’জনের অদম্য মনোবল ও ধৈর্য সিরিজে ভারতের আশা টিকিয়ে রাখল।
ইংল্যান্ডের বোলাররা যথাসাধ্য চেষ্টা করেও শেষ দিনে ভারতীয় ব্যাটারদের প্রতিরোধ ভাঙতে পারেননি। ফলে ম্যাচ গড়ায় ড্র-তে। শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত ব্যাটিং ভারতকে এনে দেয় সসম্মানের সিরিজে ফেরার রাস্তা। এখন সব চোখ আগামী ও শেষ টেস্টে, যেখানে সিরিজ জয় নির্ধারিত হবে।




