খবর লাইভ : বামেদের ধর্মঘট ঘিরে বিক্ষিপ্ত অশান্তি দেখা গেল সকাল থেকেই। এদিন বন্ধের সমর্থনে পথে নেমে বন্ধ সমর্থনকারীরা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় রেল অবরোধ করা হয়। শিয়ালদহ মেন লাইনে বেলঘরিয়া, বারাকপুর-সহ একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়। সাতসকালেই রেল অবরোধে নাকাল হন নিত্যযাত্রীরা। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে বচসা হয় বন্ধ সমর্থনকারীদের। হাওড়ার ডোমজুড়ে বন্ধ সমর্থনকারীদের হটাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে খবর।
কেন্দ্রীয় শ্রম আইনের বিরোধিতা সহ একাধিক ইস্যুতে আজ সারা দেশজুড়ে বন্ধ ডেকেছে বাম শ্রমিক সংগঠন সহ একাধিক শ্রমিক সংগঠন৷ তবে সেই বন্ধের তেমন কোনও প্রভব পড়ল না পশ্চিমবঙ্গে৷ হাওড়া বাসস্ট্যান্ড থেকে হাওড়া ব্রিজ যান চলাচল স্বাভাবিক, রয়েছে পর্যাপ্ত সরকারি ও বেসরকারি বাস। স্বাভাবিক জনজীবন। বন্ধের জন্য যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেই কারণে জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী৷
ব্যস্ততম স্টেশন শিয়ালদহ থেকে শহরের বিভিন্ন জায়গা যাওয়ার যান চলাচল স্বাভাবিক, রয়েছে। পর্যাপ্ত সরকারি ও বেসরকারি বাস। পর্যাপ্ত ট্যাক্সি, ওলা-উবের পরিষেবা সচল। স্বাভাবিক জনজীবন।
তবে এরই মধ্যে হাওড়ার দাসনগর শানপুরে একাধিক জায়গায় রাস্তা অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছয় দাসনগর ও ব্যাটরা থানার পুলিশ। বাম ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ১২ ঘন্টার ধর্মঘটের সমর্থনে বারাসতে চাপাডালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বাম সমর্থকেরা।




