খবর লাইভ : ছাব্বিশের নির্বাচনের আগে স্বচ্ছ ভাবমূর্তির নম্র, বাগ্মী শমীক ভট্টাচার্যকেই রাজ্য বিজেপির সভাপতির আসনে বসানো হয়েছে। আর সেই দায়িত্ব পেয়েই সব ধর্মকে একসঙ্গে নিয়ে বাংলায় বদলের ডাক দিয়েছেন শমীক। মঙ্গলবার সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রাজনৈতিকভাবেই লড়াই করবেন। কারণ ব্যক্তিগত আক্রমণে তিনি বিশ্বাসী নন।
রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নাম ঘোষণার দিন থেকেই ‘গোবলয়ের দলে’র তকমা সরিয়ে বিজেপিকে বাঙালির ঘরের করে দেখানোর চেষ্টা করছেন শমীক। মঞ্চের পিছনে রেখেছিলেন মা কালীর ছবি। একইসঙ্গে বলেছিলেন, সংখ্যালঘুদেরও বুঝতে হবে যে বিজেপি তাদের শত্রু নয়। অর্থাৎ হিন্দুত্ববাদের জিগির তোলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উলটো পথেই হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। বিজেপির ‘আদি’ নেতা শমীক বিধানসভায় একা বিজেপির গড় সামলেছেন। সেই শমীকই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করা রাজনীতির কাজ নয়।
তবে শমীকের এই ভাবনাকে তাঁর দলেরই অনেকে মানেন না। সাম্প্রতিক অতীতে এর অনেক উদাহরণ রয়েছে। গেরুয়া শিবিরের বেশ কিছু নেতা, বলা ভালো ‘নব্য’ বিজেপির নেতারা একাধিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ। সেই আক্রমণ যতটা না রাজনৈতিক, তার চেয়েও বেশি ব্যক্তিগত। তেমনটাই মনে করে ওয়াকিবহল মহল।




