খবর লাইভ : খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন পাকিস্তান সেনার মেজর সৈয়দ মোইজ আব্বাস শাহ। একই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ল্যান্সনায়েক জিবরানউল্লাহ।
মেজর আব্বাস ২০১৯ সালে আলোচনায় আসেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বন্দি করার ঘটনায়। ওই বছরের ২৭ ফেব্রুয়ারি, বালাকোটে ভারতীয় বিমান হানার পর পাল্টা জবাবে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়া অভিনন্দনকে পাক সেনা গ্রেফতার করে। পরে ১ মার্চ তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছিল।
সাম্প্রতিক সংঘর্ষটি ঘটে খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানের সারারোঘা এলাকায়। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পাকিস্তানি সেনাবাহিনী। গুলিযুদ্ধে আব্বাস ও জিবরানউল্লাহ নিহত হন। পাল্টা গুলিতে ১১ জন টিটিপি জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনা।
উল্লেখযোগ্য, ২০২২ সালে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর থেকেই টিটিপি ফের হামলা বাড়িয়েছে। বিদ্রোহী এই গোষ্ঠী দীর্ঘদিন ধরেই খাইবার পাখতুনখোয়ায় সক্রিয়। পাকিস্তানের অভিযোগ, টিটিপিকে ভারতের সহায়তা রয়েছে, যদিও নয়াদিল্লি সে অভিযোগ নাকচ করে দিয়েছে।




