খবর লাইভ : ইজরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৫৮৫ জন নিহত এবং ১,৩২৬ জন আহত হয়েছে। ওয়াশিংটন-ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে যে তারা নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক এবং ১২৬ জন নিরাপত্তা কর্মী বলে শনাক্ত করেছে।
ইরানের পাল্টা হামলায় তেল আবিবে একটি ২০ তলা ভবনে আঘাতে অন্তত চার জন নিহত এবং ৩৬ জন আহত। জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এবং শহরের পুরোনো অংশ বন্ধ করা হয়েছে। ইজরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আংশিকভাবে ব্যর্থ হয়েছে।
এইচআরএনএ’র সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক, ১০৯ জন সামরিক বাহিনীর সদস্য এবং আরও ১১৯ জন অজ্ঞাত পরিচয়ধারী। আহতদের মধ্যে রয়েছেন ১৮৮ জন বেসামরিক, ১২৩ জন সামরিক সদস্য এবং ৩৩৫ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি।
মানবাধিকার সংগঠনের এই পরিসংখ্যান সরকারি হিসাবের চেয়ে বেশি। ইরানি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এখনও পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি। গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা দুই শতাধিক বলা হয়েছিল। দেশটিতে সাংবাদিকদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় নিরপেক্ষভাবে তথ্য যাচাই করাও দুরূহ হয়ে পড়েছে।
এইচআরএনএ বলছে, শুক্রবার থেকে ইজরায়েল যেভাবে একের পর এক হামলা চালাচ্ছে, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তারা দিনভিত্তিকভাবে হতাহতের তালিকা সংগ্রহ করছে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে।




