খবর লাইভ : বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভায় হট্টগোল শুরু হল। বিজেপি বিধায়কদের আনা প্রস্তাব স্পিকার খারিজ করতেই শুরু হয় বিক্ষোভ। স্পিকারের চেয়ারের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়কেরা।
ব্যবস্থা নিতেই পারি, কিন্তু সব জেনেও ওঁদের সুযোগ দিই! বিজেপির আচরণ প্রসঙ্গে বিধানসভায় বললেন স্পিকার
বিধানসভায় বিজেপি বিধায়কদের আচরণের সমালোচনা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিধানসভা অচল করে দেওয়ার চেষ্টা হয়েছিল। তাই আজ কোনও বিরতি না দিয়ে টানা আলোচনা চালিয়ে যাওয়া হয়েছে। বিধানসভার অধিবেশন বন্ধ করে দেওয়া যাবে না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি। স্পিকার জানান, বিজেপির দু’টি প্রস্তাবের মধ্যে প্রথমটি বিচারাধীন বিষয় বলে বিধানসভার রুল অনুযায়ী আলোচনা সম্ভব নয়। দ্বিতীয় বিষয়টি মেনশন পর্বে উল্লেখ করার সুযোগ দিলেও বিরোধীরা তা নেননি বলে জানান স্পিকার।
বিধানসভায় তিনি বলেন, “ওরা চিৎকার-চেচামেচি, হইহল্লা করে বিভিন্ন রকম প্রসঙ্গ তোলে। ওরা ভেবেছিল বিধানসভাকে অচল করে দেবে। কিন্তু বিধানসভাকে এ ভাবে বন্ধ করা যায় না। পশ্চিমবঙ্গ বিধানসভার একটি ঐতিহ্য রয়েছে। লোকসভায় তিন জন ওয়েলে নামলে স্পিকার নেমে চলে যান। আমি লোকসভার স্পিকারকেও বলেছি, এটি আপনারা কেন করবেন! আমাদের কাজ আইনসভাকে চালিয়ে যাওয়া। আইনসভাকে বন্ধ করা স্পিকারদের কাজ নয়। আমি প্রত্যাশা করেছিলাম হয়ত ওঁরা নিজেদের আসনে বসবেন। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও যখন তাঁরা বিধানসভা অচল করতে ব্যর্থ হলেন, তখন তাঁরা চলে গেলেন বাইরে।”




