National Special News Special Reports

ভারতে দাঙ্গা বাধানোর চেষ্টা করেছিল পাকিস্তান, কাশ্মীর থেকে আবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন মোদি

0
(0)

খবর লাইভ: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আজ প্রথমবার কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের সর্বোচ্চ আর্চ রেলসেতু- চেনাব সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিনই তাঁর হাত ধরে উদ্বোধন হয় দেশের প্রথম কেবল রেলসেতু অঞ্জী ব্রিজেরও। আজ উপত্যকায় নতুন দু’টি বন্দে ভারত ট্রেনেরও সূচনাও হতে চলেছে তাঁর হাত ধরে। এর সঙ্গেই কাশ্মীরে মোট ৪৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মোদির।

পাকিস্তান হামলায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের আর্থিক সাহায্যের ঘোষণা মোদীর। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার ঠিক করেছে, যাঁদের বেশি ক্ষতি হয়েছে, তাদের দু’লাখ টাকা দেওয়া হবে। আর যাঁদের ক্ষতির পরিমাণ কম, তাঁদের এক লাখ টাকা করে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।’’

কাশ্মীর থেকে আবার এক বার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন মোদি। তাঁর অভিযোগ, ভারতে দাঙ্গা বাধানোর চেষ্টা করেছিল পাকিস্তান। মোদীর কথায়, ‘‘পাকিস্তান কাশ্মীরের পর্যটনের উপর হামলা করেছে। এই পর্যটন থেকে জম্মু-কাশ্মীরের গরিবদের সংসার চলে, সেই পর্যটনকে নিশানা করেছে পাকিস্তান।’’

এক মাস আগে, ৬ মে রাতে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালায় ভারতীয় সেনা। যার পোশাকি নাম ‘অপারেশন সিঁদুর’। শুক্রবার কাশ্মীর থেকেই সেই অভিযানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘৬ মে রাতে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের উপর হামলা চলে। এখন পাকিস্তান যখনই ‘অপারেশন সিঁদুরের’ নাম শুনবে, তখন তাদের সর্বনাশের কথা মনে পড়বে। পাকিস্তান ফৌজ এবং সন্ত্রাসবাদীরা ভাবতে পারেনি ভারত পাকিস্তানে ভেতরে ঢুকে এ ভাবে হামলা করবে। ওরা যে সন্ত্রাসবাদের ইমারত তৈরি করেছিল, তা কিছু মিনিটের মধ্যে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। গোটা বিশ্ব দেখেছে, পাকিস্তান কী ভাবে জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে।’

জম্মু-কাশ্মীরের বিকাশ বন্ধ হবে না, প্রতিশ্রুতি দিলেন মোদী। তিনি বলেন, ‘‘এখানকার যুবসমাজের স্বপ্নপূরণে যদি কোনও বাধা আসে, তবে সেই বাধার বিরুদ্ধে মোকাবিলা করবে মোদি।’’

মোদি বলেন, ‘‘জম্মু-কাশ্মীরের যুবসমাজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তৈরি। বছরের পর বছর সন্ত্রাসবাদের কারণে জম্মু-কাশ্মীরে অনেক ক্ষতি হয়েছে। ওই সন্ত্রাসবাদের কারণে এখানকার মানুষ স্বপ্ন দেখাই ছেড়ে দিয়েছিল। সন্ত্রাসবাদকেই নিজেদের ভাগ্য বলে মেনে নিতে শুরু করেছিলেন। তবে আমরা সেটা পাল্টে দিতে পেরেছি। এখন জম্মু-কাশ্মীরের যুবসমাজ স্বপ্ন দেখতে শুরু করেছে। শুধু তা-ই নয় তা পূরণও করছে।’’

মোদি বলেন, ‘‘পর্যটন থেকে রোজগার বাড়ে। পর্যটন মানুষকে জোড়ে। কিন্তু দুর্ভাগ্য আমাদের পড়শি দেশ মানবতাবিরোধী এবং পর্যটনবিরোধী। পহেলগাঁওয়ে ২২ এপ্রিল যা হয়েছে এটা তার উদাহরণ। পাকিস্তান পহেলগাঁওয়ে মানবতার উপর আঘাত করেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *