খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তাপ বাড়ছে শৈলশহরের রাজনীতিতে। অনীত থাপাকে হারাতে মরিয়া বিরোধীরা। হাতে হাত মেলাবেন কি এডওয়ার্ড ও মন ঘিসিং? বিমল এবং দেওয়ানেরা? তা ঘিরে জল্পনা বাড়ছে। আর এই জল্পনা আরও বাড়িয়েছেন গুরুং নিজেই।
রবিবার দার্জিলিংয়ে অনীত বিরোধীদের নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। জিডিএনএস হলে ওই বৈঠকে থাকবেন অজয় এডওয়ার্ড, ঘিসিংয়ের জিএনএলএফ, বিজেপি, সিপিআরএম। সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েতে অনীত থাপা এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়তে পারে পাহাড়ের বিরোধীরা। দার্জিলিং পুরসভা এবং জিটিএ হাতছাড়া হওয়ার পর অনীতকে ফাঁকা মাঠে একা ছেড়ে দিতে নারাজ তাঁরা।
আগে থেকেই বিমল গুরুং, অজয় এডওয়ার্ড, বিনয় তামাংরা জোট বেঁধেছেন।
আরও পড়ুনঃ এবার সিবিআই বিভাসের কলকাতার ফ্ল্যাট সিল করল
এবারে বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, সেজন্যে বিজেপি এবং জিএনএলএফকেও পাশে পেতে মরিয়া গুরুং। যদিও বিরোধী জোট নিয়ে চিন্তিত নয় অনীত থাপা। ঘনিষ্ঠ মহলে তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। অনীতের সাফ কথা, পাহাড়বাসী তাঁদের সঙ্গেই আছে। পাহাড়ে একাধিক উন্নয়নমূলক কাজ হচ্ছে। তার নিরিখেই পঞ্চায়েতেও সহজ জয় আসবে।




