খবর লাইভ : ভোটের মুখে বর্ধমানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। আদি বনাম নব্য বিজেপির লড়াইয়ে জেরবার রাজ্য বিজেপি নেতৃত্ব। সরানো হল বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ নন্দীকে। তাঁকে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হয়েছে অভিজিৎ তা’কে।
সম্প্রতি বর্ধমানের সাংগঠনিক জেলা সভাপতিকে সরানো নিয়ে বিজেপির মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। জেলা বিজেপি পার্টি অফিসের বাইরেও বিক্ষোভ দেখান দলীয় কর্মীদের একাংশ। পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে চলে আসায় দলের মধ্যে অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব। তবে ভোটের মুখে যাতে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আর মাথাচাড়া দিতে না পারে, সেজন্য এবার বর্ধমানের জেলা সভাপতিকে সরিয়ে দেওয়া হল।
অপসারিত জেলা সভাপতি সন্দীপ নন্দী বলেন, ‘আমি টেলিফোনে খবরটা পেয়েছি। নতুন জেলা সভাপতিকে অভিনন্দন জানাই। আমাকে রাঢ়বঙ্গ জোনের বুথ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।’ বিজেপি সূত্রে খবর, দলের এই পরিবর্তনে খুশি আদি বিজেপি কর্মীরা।


