State

আগামিকাল বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশ, হাজির থাকতে না পেরে বার্তা বুদ্ধদেবের

5
(2)

খবর লাইভ : বিধানসভা ভোটের আগে দলের কর্মী- সমর্থকদের চাঙ্গা করতে ব্রিগেড সমাবেশ করতে চলেছে বাম-কংগ্রেস। তবে এবারের এই সমাবেশে থাকতে পারছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সমাবেশে থাকতে না পারার জন্য কর্মী- সমর্থকদের বার্তা দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী চিঠিতে বলেন, ‘ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরা-খবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসে গেছেন। বড় সমাবেশ হবে। এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলেছি। ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দী যা কোনদিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছি।’ তবে এবারে বামফ্রন্ট ও কংগ্রেসের তরফে উপস্থিত থাকবেন বহু হেভিওয়েট নেতা-নেত্রী। থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি। থাকবেন লালু-পুত্র তেজস্বী যাদবও। তাই এই সমাবেশ ঘিরে সতর্ক কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার সৌমেন মিত্র একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে উল্লেখ করা হয়েছে, রবিবার ব্রিগেডে সভার জন্য ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত শহরের সব পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। ভিক্টোরিয়া মেমোরিয়্যাল হলের চারপাশে কোনও পার্কিং করা যাবে না। এজিসি বোস রোড হেস্টিংস মোড় এবং ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইন্সওয়ে, লাভার্স লেনে গাড়ি পার্কিং চলবে না। এর পাশাপাশি জানানো হয়েছে মিছিলের পথে কোনও গাড়ি, এমনকি ট্রাম পার্ক করা যাবে না। প্রয়োজন বুঝে গাড়ির গতিপথ ঘুরিয়ে দেওয়া হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *