খবর লাইভ : পামেলাকাণ্ডে এবার কলকাতা পুলিশের নোটিশ গেল বিজেপি নেতা অনুপম হাজরা ও শঙ্কুদেব পাণ্ডার কাছে। ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, অনুপম ও শঙ্কুদেবকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে। এব্যাপারে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। অন্যদিকে, বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, ‘আমি এখনও কোনও নোটিশ পাইনি। নোটিশ পেলে সঠিক সময়ে সঠিক উত্তর দেব।’
এর আগে পামেলাকাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ৪৫ মিনিট ধরে রাকেশের বাড়িতেও তল্লাশি চালায়। কোকেন কাণ্ডে ধৃত পামেলা গোস্বামীকে জেরা করেই রাকেশের নাম পাওয়া যায়। আদালত চত্বরে দাঁড়িয়ে রাকেশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পামেলা। তাঁর দাবি ছিল, রাকেশ তাঁকে অন্য নজরে দেখতে শুরু করেছিলেন। অন্য সম্পর্ক স্থাপনের জন্য বারবার জোর দিচ্ছিলেন। তাতে রাজি না হওয়ায় প্রথমে তাঁকে হুমকি দেওয়া হয়। পরে তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়। পামেলার অভিযোগ, রাকেশ সিংয়ের ছেলেও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।



