খবর লাইভ : বর্তমান প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়ামের নামকরণ! আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের কেবল আঙ্গিক বদল নয়, নামকরণেও বদল ঘটল। বুধবার নতুন করে সংস্কার হওয়া মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর তখনই স্টেডিয়ামের নতুন নাম ঘোষণা করা হল। এই স্টেডিয়ামের নতুন নামকরণ হল বর্তমান প্রধানমন্ত্রীর নামে, নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যা কার্যত বেনজির।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হল মোতেরা ওরফে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যদিও আগে এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের নামে। তারপর এদিন নতুন আঙ্গিকে তুলে ধরা এই স্টেডিয়ামের জাঁকজমকপূর্ণ উদ্বোধনের পর সর্দার বল্লভভাই প্যাটেলের নামে স্পোর্টস কনক্লেভ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে স্টেডিয়ামের নামকরণ ঘোষণা করা হয়। স্টেডিয়ামের উদ্বোধনের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং তাঁর স্ত্রী স্পোর্টস কনক্লেভের ভূমিপুজোতে অংশ নেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু সহ প্রশাসন এবং ক্রীড়াজগতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও। তবে যাঁর নামে স্টেডিয়ামের নামকরণ হল, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, এদিন গোলাপি বলে দিন-রাতের তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হল এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই। চলতি টেস্ট সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচ ছাড়াও ভারত–ইংল্যান্ডের পাঁচটি টি–২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে। আইপিএলের একাধিক ম্যাচও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজনের চিন্তা শুরু করেছে বিসিসিআই।



