খবর লাইভ : মাদক পাচারের অভিযোগে বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এবার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংকে তলব করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ, মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে রাকেশকে হাজিরা দিতে বলা হয়েছে।
সম্প্রতি কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী আলিপুর আদালতে দাঁড়িয়ে রাকেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তাঁর দাবি ছিল, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংকে গ্রেফতার করা হোক। পামেলার অভিযোগের ভিত্তিতেই রাকেশ সিংকে তলব করল পুলিশ। যদিও পামেলার করা অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে চিঠি লিখে রাকেশ জানান, ‘ফের যদি পামেলা আমার নাম নেয়, তাহলে কলকাতা পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। তদন্তের স্বার্থে হাজিরা দিতে কোনও আপত্তি নেই রাকেশের। পুলিশ জেরা করার প্রয়োজন মনে করলে আমি যেতে রাজি আছি। কিন্তু কেন এভাবে প্রকাশ্যে আমার নাম নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, গত রবিবার নিউটাউনে একটি শপিংমলে পামেলার পার্লারে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ তাঁকে পার্লারে নিয়ে যাওয়ার সময় পামেলা দাবি করেছিলেন, তাঁকে ফাঁসানো হয়েছে। ব্যক্তিগত আক্রোশ মেটাতে ফাঁসানো হয়েছে তাঁকে। কলকাতা পুলিশের এক ওসি অমিত শঙ্কর মুখোপাধ্যায় এর সঙ্গে জড়িত বলেও অভিযোগ উঠেছে। পামেলা গোটা ঘটনার সিআইডি তদন্ত অথবা ডিডি তদন্তের দাবি জানিয়েছেন।



