খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মানহানির মামলার সমনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঠিকানা ভুল। মামলা ফেরাল বিধাননগরের এমপিএমএলএ আদালত। মামলাটি পাঠিয়ে দেওয়া হল ব্যাঙ্কশাল মেট্রোপলিটন আদালতে। সোমবার এমনটাই জানিয়েছেন অমিত শাহের আইনজীবী ব্রজেশ ঝাঁ। দুদিন আগে বিধাননগরের এমপিএমএলএ বিশেষ আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধিকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল। সেই নির্দেশ মতই এদিন আদালতে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আইনজীবী।
২০১৮ সালের ১১ অগাস্ট মেয়ো রোডে বিজেপির সমাবেশ থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন অমিত শাহ। তিনি জানিয়েছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ইউপিএ-র সঙ্গেই। ইউপিএ আমলে ১ লাখ ৩২ হাজার কোটি টাকা দিয়েছিল ইউপিএ। মোদি সরকার দিয়েছে ৩ লাখ ৫৯ হাজার কোটি টাকা। বাংলার মানুষ উন্নয়নের টাকা পাননি। ৩ লাখ ৫৯ হাজার কোটি টাকা কোথায় গেল? এক ভাইপো আর সিন্ডিকেটের পেটে গেল?’ এরই প্রেক্ষিতে শাহর বিরুদ্ধে মামলা ঠুকেছেন অভিষেক।


