খবর লাইভ : রাজ্য বিধানসভা ভোটের মুখে এবার জ্বালানির মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। আগামিকাল ও রবিবার দক্ষিণ কলকাতায় মিছিল করবে তারা। সোমবার ধর্মতলায় অবস্থান বিক্ষোভও করবে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে দলের এই কর্মসূচির কথা জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এদিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রান্নার গ্যাসের দাম, পেট্রোপণ্যের দাম যেভাবে বাড়ছে, তার প্রতিবাদ করছি। এর প্রতিবাদে তৃণমূলের তরফে শনিবার যাদবপুর থানা থেকে মিছিল বের করা হবে। রবিবার ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করা হবে। পেট্রোল পাম্পের সামনে ছাত্ররা বিক্ষোভ দেখাবে। বঙ্গজননী গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবে। এরপর সোমবার চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করবে মহিলা তৃণমূল কংগ্রেস। দোলা সেনের নেতৃত্বে ট্রেড ইউনিয়ন বিক্ষোভ প্রদর্শন করবে। অর্থাৎ ছাত্র, তৃণমূল কংগ্রেস, যুব ও মহিলা সহ বিভিন্ন শাখা কলকাতা ও জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করা হবে।’
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে রান্নার গ্যাসের সহ পেট্রোপণ্যের দাম ক্রমাগত বাড়ছে। কলকাতায় তো সেঞ্চুরির পথে পেট্রোলের দাম। ডিজেলের দামও লিটার পিছু প্রায় ৯০ টাকা। যা নিয়ে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে। তাই এবার বিধানসভা ভোটের মুখে জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে একগুচ্ছ কর্মসূচির ডাক দিয়ে তৃণমূল কেন্দ্রকে চাপে রাখার কৌশলই নিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



