খবর লাইভ : আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ক্রিস মরিস। রাজস্থান রয়্যালস মরিসকে কিনে নিল ১৬ কোটি ২৫ লাখ টাকায়। এতদিন আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন যুবরাজ সিং। যুবরাজ সিং ১৬ কোটিতে বিক্রি হয়েছিল। যুবরাজের সেই রেকর্ডকেও ছাপিয়ে যান ক্রিস মরিস।
এবার নিলামের শুরুতেই ম্যাক্সওয়েলকে নিয়ে টানাটানি শুরু হয় চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে। ম্যাক্সওয়েল ১৪ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি হওয়ার পর ধরে নেওয়া হচ্ছিল তিনিই দামি ক্রিকেটার হতে চলেছেন। তবে পরে চিত্রটা পুরো বদলে যায়। ম্যাক্সওয়েলকেও ছাপিয়ে যান ক্রিস মরিস।
উল্লেখ্য, গতবার মরিসের দর উঠেছিল ১০ কোটি। এবার তার থেকে ৬ কোটি ২৬ লাখ টাকা বেশি দাম পেলেন মরিস।
অন্যদিকে, ভারতের অন্যতম সেরা পেসার উমেশ যাদবকে তাঁর বেস প্রাইস ১ কোটিতে কিনে নিল দিল্লি ক্যাপিটালস। এদিকে ঝাই রিচার্ডসনকে ১৪ কোটি টাকার বিশাল অঙ্কে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। তবে বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়রা আছেন যাদের বেস প্রাইসের ৪৬ গুণ বেশি দামে কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইসিরা। তামিলনাড়ুর অলরাউন্ডার শাহরুখ খানের বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। তাঁকে ৫ কোটি ২৫ লাখ টাকায় কিনেছে পাঞ্জাব কিংস। কিষ্ণারা গৌতম নামে একজন আনক্যাপড খেলোয়াড়কে ৯ কোটি ২৫ লাখ টাকায় কিনে নিল চেন্নাই সুপার কিংস। অথচ তাঁর বেস প্রাইস ছিল মাত্র ২০ লাখ টাকা।



