State

নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতে জখম বাম যুব নেতার মৃত্যু

0
(0)

খবর লাইভ : নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতে জখম বাম যুব নেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু হল। সোমবার সকালে এক নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর। বাঁকুড়ার বাসিন্দা মইদুলের মৃত্যুকালে বয়স হয়েছিল ৩১ বছর। এই ঘটনার পরই প্রশাসনের নির্মমতার বিরুদ্ধে সরব হয়েছেন বাম নেতৃত্ব। ঘটনাটিকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে ডিওয়াইএফআই নেতা কলতন দাশগুপ্ত বলেন, ‘চাকরি চাইতে গিয়ে কলকাতার রাস্তায় খুন হতে হয়েছে প্রশাসনের হাতে।’ আরও একধাপ এগিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘সরকার তার ইতরতার সীমা ছাড়িয়েছে। খুনি সরকার। মানুষের কথা শোনার মত কোনও সুযোগই রাখে না এই সরকার।’
নার্সিংহোম সূত্রে জানা যাচ্ছে, গত ১১ তারিখ মইদুল ইসলাম মিদ্যাকে যখন নার্সিংহোমে আনা হয়, তখনই তাঁর অবস্থা গুরুতর ছিল। পুলিশের লাঠির আঘাতে প্রস্রাব দিয়ে রক্ত বের হয়ে যায় সেদিন। তারপর ১৩ তারিখ সকালে জানা যায়, তাঁর কিডনি ফেলিওর হয়েছে। ডিওয়াইএফআই নেতা ফুয়াদ হালিম জানান, পুলিশের লাঠির আঘাত পেশির উপর পড়ায়, পেশি ফেটে যায়। সেখান থেকে যে প্রোটিন বের হয়। তা কিডনিকে ব্লক করে দেয়। এছাড়া সোডিয়াম নেমে যায় এবং পটাশিয়াম বেড়ে গিয়েছিল। ১৪ তারিখ আরও অবনতি ঘটে এবং ফুসফুসে জল জমতে শুরু করে। অবশেষে ১৫ তারিখ সকালে জীবনযুদ্ধের লড়াই শেষ করলেন মইদুল ইসলাম মিদ্যা।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাম যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ডোরিনা ক্রসিং এলাকা। কলেজ স্ট্রিট থেকে মিছিল ডোরিনা ক্রসিংয়ে আসতেই পুলিশ বাধা দেয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় মিছিলকারীদের। এরপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ। এছাড়া কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয় এবং জলকামান ছোঁড়া হয়। লাঠির ঘায়ে গুরুতর আহত হয়েছেন বেশ কিছু বামকর্মী। কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। আন্দোলনকারীগের উপর পুলিশের এই আক্রমণকে সেদিনই জালিয়ানওয়ালাবাগের সঙ্গে তুলনা করেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা পলিটব্যুরো সদস্য বিমান বসু। ঘটনার প্রতিবাদে বামেদের ডাকে শুক্রবার রাজ্যজুড়ে পালিত হয়েছে ১২ ঘণ্টার বনধ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *