খবর লাইভ : রাজ্যে হিংসা ছড়াচ্ছে বিজেপি। ট্যুইটারে বিজেপিকে নিশানা করে একযোগে আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। বাংলার সংস্কৃতিকেও অপমান করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তাঁরা।
ট্যুইটে মিমি লেখেন, ‘বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে। বিরসা মুণ্ডাকে অপমান করা হয়েছে। জাতীয় সঙ্গীত ভুল গাওয়া হয়েছে। মা দুর্গাকে অবমাননা করা হয়েছে। বিজেপি রাজ্যে একের পর এক অন্যায় করে গিয়েছে। কিন্তু ক্ষমা চায়নি।’ বসিরহাটের সাংসদ নুসরত জাহানের অভিযোগ আরও গুরুতর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে হিংসা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন নুসরত। ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করে নুসরত লিখেছেন, ‘শান্তিপূর্ণ নয়, কীভাবে রাজ্যে বিদ্বেষ ছড়িয়ে ভোটে লড়তে হয়, তা জানে একমাত্র বিজেপি।’
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় দুর্গাপুজো সঠিকভাবে করা হয় না বলে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এরপর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের একটি মন্তব্য রাজ্য- রাজনীতিতে বিতর্ক তৈরি করে। তিনি জানিয়েছিলেন, রামের পূর্বপুরুষের নাম পাওয়া গেলেও দুর্গার পাওয়া যায়নি। দিলীপ ঘোষকে এই মন্তব্য বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অপমান বলেই মনে করছে তৃণমূল।




