খবর লাইভ : বিদায়ের পথে শীত! সরস্বতী পুজোর আগেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল ২০ ডিগ্রির কোটায়। সর্বোচ্চ তাপমাত্রা তো আগেই ৩০ ডিগ্রি ছাড়িয়েছে। আগামী কয়েকদিনে পারদ পতনের সম্ভাবনাও নেই। বরং বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজোয় গরম অনুভূত হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। জেলাগুলির তাপমাত্রাও ১৫ ডিগ্রি ছাড়িয়েছে। বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ৯৯ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে আকাশ সামান্য মেঘলা থাকায় এবং তাপমাত্রা ঊর্ধ্বগামী হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। জেলাগুলিতে আর দু-একদিন শীত অনুভূত হলেও ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে বলেই জানাচ্ছেন আবহবিদরা।




