খবর লাইভ : সরস্বতী পুজো আসার আগেই উধাও শীত! ভোরের দিকে আর রাতের দিকে শীতের হালকা শিরশিরানি ভাব থাকলেও দিনের বাকি সময়ে ঠাণ্ডা একেবারে উধাও। এমনকি শহরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে ৩০ ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিনে কলকাতা সহ সমগ্র রাজ্যে তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। অন্যদিকে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩০.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। জেলাগুলিরও সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ফলে ভোরের দিকে হালকা কুয়াশা ও ঠাণ্ডা ভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ একেবারে উধাও। আর পারদ পতনের সম্ভাবনাও নেই। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে মাঝ ফেব্রুয়ারি থেকেই গরম অনুভূত হবে বলে মনে করছেন আবহবিদরা।


