খবর লাইভ : ফের সাইবার হামলার শিকার গোটা বিশ্ব। এবার জি-মেইল ও হট মেইল-এর ৩০০ কোটিরও বেশি পাসওয়ার্ড ফাঁস হয়ে গেল। ফলে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়ে গেল নেটদুনিয়ায়। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। মনে করা হচ্ছে, এটাই সবচেয়ে বড় সাইবার অ্যাটাক। এর আগে এত বড় পাসওয়ার্ড লিকের ঘটনা কোনওদিন ঘটেনি। ‘সাইবারনিউজ’-এর রিপোর্টে বলা হয়েছে, জি–মেল এবং হটমেল মিলিয়ে প্রায় ৩২৭ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, যেমন– ইউজার নেম, পাসওয়ার্ড চলে গেছে হ্যাকারদের হাতে।
জি–মেল এবং হটমেলের সঙ্গে যেহেতু নেটফ্লিক্স, বিটকয়েন সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট যুক্ত থাকে, এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় কাজে জি-মেইল আইডির সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা হয়। তাই আশঙ্কা করা হচ্ছে, মেলের পাসওয়ার্ড ব্যবহার করে সেই সমস্ত অ্যাকাউন্ট থেকেও তথ্য হাতানো হতে পারে। অবিলম্বে এই মুহূর্তে পাসওয়ার্ড বদলের পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। বড়–ছোট অক্ষর, সিম্বল, নম্বর সহ আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
উল্লেখ্য, ২০১৭ সালেও একটি একই ধরনের সাইবার হানার ঘটনা ঘটেছিল, যেবার প্রায় ১৪০ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল।




